সাইদ হাসান আফরান
গজারিয়া–চরকিশোরগঞ্জ নৌপথে যাত্রীবাহী একটি ট্রলারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করা হয়। ঘটনায় ট্রলারে থাকা যাত্রীরা চরম আতঙ্কে পড়েন।
সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মেঘনা নদীতে চরকিশোরগঞ্জ থেকে গজারিয়া লঞ্চঘাটে পারাপারের সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর মাঝখানে একটি স্পিডবোটে করে সশস্ত্র ডাকাত দল এসে ট্রলারের গতিরোধ করে ডাকাতি শুরু করে।
ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থসহ প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নেয়। ডাকাতি শেষে তারা দ্রুত স্পিডবোটে করে পালিয়ে যায়।
ঘটনার পর ট্রলারটি গজারিয়া লঞ্চঘাটে পৌঁছালে যাত্রীরা বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং ডাকাতদের শনাক্ত ও আটক করতে অভিযান চালানো হচ্ছে।