
আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় লৌহজং উপজেলার নাগেরহাটে শ্রীশ্রী দুর্গা শরণম পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেসার উদ্দিন, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা।
জেলা প্রশাসক পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন নাগেরহাট সর্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিচালনা কমিটি।