
শ্রীনগরে ১টি বসতঘর আগুনে পুড়ে ছাই
শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের কুশুরি পাড়ায় ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার মৃত মিয়াজ উদ্দিনের ছেলে মোতাহার শেখের বারান্দাসহ কাঠ ও টিনের তৈরি ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৭ লাখ টাকার ক্ষতিসাধন হয়। স্থানীয়রা জানায়, রাতে কুশুরি পাড়া গ্রামের মুদি দোকানী মোতাহার শেখের বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগীর দোকানীর ছোট ভাই হাসান ইমাম জানান, এদিন রাতে বাড়িতে কেউ ছিলেন। ফাঁকা ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘরসহ আসবাবপত্র পুড়ে ৬-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। আগুনের কারণ জানা যায়নি। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, কয়কীর্তণ কবরস্থানের বিপরীত পাশে প্রধান সড়ক থেকে প্রায় ৫০০ মিটার দূরত্বে কুশুরি পাড়া একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাস্তা খারাপের কারণে গাড়ি দূরে রেখে যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে স্থানীয়দের সহযোগীতায় অগ্নিনির্বাপণ করা হয়। তাৎক্ষনিক আগুনের সূত্রপাত জানা যায়নি। তদন্ত চলমান আছে।