আগামী ১৮ অক্টোবর ২০২৫, শনিবার অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন শ্রীনগরের ব্যবসায়ী ও মেসার্স তালুকদার স্টোরের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. মহিউদ্দিন তালুকদার। বুধবার সকাল ১০টায় শ্রীনগর বাজারে ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় তিনি ইশতেহার ঘোষণা করেন এবং বাজারের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন।
ইশতেহারে তিনি প্রতিশ্রুতি দেন, বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা, ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করবেন। পাশাপাশি আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, দক্ষ নৈশপ্রহরী নিয়োগ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাজারের আইন-শৃঙ্খলা রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, স্বচ্ছতা ও দক্ষতায়, ন্যায্যতার নিশ্চয়তায় বাজার পরিচালনা করতে চাই। বৈষম্য নয়, সব ব্যবসায়ীর জন্য সমান সুযোগ সৃষ্টি করাই হবে আমার মূল লক্ষ্য।
আলহাজ্ব মহিউদ্দিন তালুকদার প্রতিশ্রুতি দেন, বাজারের জরাজীর্ণ রাস্তা সংস্কার, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে আধুনিক সরঞ্জাম সংযোজন এবং ব্যবসায়ীদের স্বার্থে নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করবেন।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আমি সভাপতি নয়, আপনাদের সেবক হতে চাই। কথায় নয়, কাজে প্রমাণ করার সুযোগ দিন। সবশেষে তিনি তার নির্বাচনী প্রতীক খেজুর গাছ মার্কায় সকল ভোটারদের কাছে ভোট চান ও সকল শ্রেনীর মানুষের দোয়া চান।