
আবু নাসের লিমন
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঘোষকান্দা গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র।
শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিরাজদীখান থানার উপ-পুলিশ পরিদর্শক নাহিদ মাছুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক দেলোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতে-নাতে আটক করা হয়েছে।”