
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ইকবাল হোসেনের সহধর্মিণী প্রতিভা ইকবাল শান্তি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে রাজধানীর ইউনাইটেড মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।পরিবার সূত্রে জানা যায়,তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রতিভা ইকবাল শান্তি রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার বাদ আসর লৌহজং উপজেলার হলদিয়া বাজারের সাহাবা মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, প্রতিভা ইকবাল শান্তির স্বামী ইকবাল হোসেন জাতীয় পার্টির আমলে লৌহজং-টঙ্গীবাড়ী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন।
২০১৯ সালে বার্ধক্যজনিত কারণে সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর পরও প্রতিভা ইকবাল শান্তি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে নিজ এলাকা লৌহজং ও টঙ্গীবাড়ীতে শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্বজন,সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।