
গজারিয়ায় চুরির অভিযোগে দুইজন আটক, শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ
গজারিয়া প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় চুরির অভিযোগে দুইজনকে আটক করে প্রশাসনের হাতে না দিয়ে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে চুরি না করে স্বাভাবিক জীবনে ফিরে আসার শর্তে তাঁদের এ সুযোগ দেওয়া হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগে দুইজনকে আটক করার পর তাঁদের কাছে ঘটনার বিষয়ে জানতে চান এলাকাবাসী। এ সময় তাঁরা চুরির কথা স্বীকার করেন বলে স্থানীয়রা জানান। পরে তাঁদের প্রশাসনের হাতে না দিয়ে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে প্রত্যেককে ১০০ রাকাত নফল নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক বলেন, যেহেতু তারা চুরি করেছে এবং নিজেরাই তা স্বীকার করেছে, সে ক্ষেত্রে তাদের প্রশাসনের হাতে না দিয়ে একবার ভালো হওয়ার সুযোগ দিয়েছি। ভবিষ্যতে যেন তারা আর চুরির সঙ্গে জড়িত না হয়, সে জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, আটকদের ভবিষ্যতে চুরিসহ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সতর্ক করা হয়েছে। তাঁদের সংশোধনের সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই প্রশাসনের হাতে না দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।
তবে এ ঘটনায় স্থানীয়ভাবে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আটক দুই ব্যক্তি নির্দেশনা অনুযায়ী ১০০ রাকাত নফল নামাজ আদায় করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।