
তিনি বাংলাদেশের মা
শাহীন ওমর
বেগম খালেদা জিয়া—
শুধু একটি নাম নয়;
এ এক মহা উপাখ্যান।
ঘরের আলো থেকে
রাষ্ট্রের অগ্নিপথে
এক দৃঢ় প্রতিজ্ঞার নাম।
তাঁর চুলের খোঁপায় ছিল না মুকুট,
কিন্তু কণ্ঠে ছিল
অনমনীয় শপথ।
স্বামীর অসমাপ্ত রাজনীতির হাল
দুই হাতে তুলে নিয়ে
ঝড়ের মুখে দাঁড়িয়েছিলেন তিনি।
সাধারণ এক গৃহবধূর শরীরে
রাষ্ট্রনায়কের দৃঢ় মেরুদণ্ড।
ষড়যন্ত্রের কুয়াশা,
কারাগারের নীল অন্ধকার,
জেল-জুলুম, নির্যাতনের লৌহদ্বার
কোনোটিই টলাতে পারেনি
তাঁর বিশ্বাস।
জনতার হৃদয়ে তাই
আপোষহীন নামটি খোদিত হয়ে রইল।
ক্ষমতার শিখরে যেমন দেখেছি,
তেমনি দেখেছি পতনের খাদে।
উত্থান-পতনের সেই দীর্ঘ গল্পে
তিনি নত হননি মাথা নুইয়ে,
পরাজয়কে রূপ দিয়েছিলেন
আরেকটি প্রতিরোধের ভাষায়।
দেশ মাতৃকার স্বার্থে অনড় থেকে
ইতিহাসের ঘাত-প্রতিঘাতে
রক্তমাংসের মানুষটি
হয়ে উঠেছিলেন প্রতীক—
একটি দল,
একটি সময়,
ও একটি দৃঢ় প্রত্যয়ের।
আজ তিনি চিরবিদায় নিয়েছেন,
পিছনে রেখে গেছেন
সংগ্রামের দীর্ঘ ছায়াপথ।
অনন্ত পথের যাত্রা হোক
শান্তিময়।
ইতিহাসে রইল তাঁর নাম
আপোষহীন নেত্রীর
এক দীপ্ত স্মারক-
বেগম খালেদা জিয়া
তিনি বাংলাদেশের মা।