
মোহাম্মদ ছিবগাতুল্লাহ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর ৯ নম্বর ওয়ার্ডে পারিবারিক কলহের জেরে মোঃ মাহফুজ (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার। গতকাল ২০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজ মোঃ ফরহাদের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ঘটনার কিছুক্ষণ আগে নিজের ফেসবুক প্রোফাইলে একটি আবেগঘন পোস্ট দেন, যেখানে তিনি লেখেন, “সবকিছুর কাছে হেরেই গেলাম।” এরপর তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়।
স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যদের অবহিত করেন। পরে তাকে উদ্ধার করা হলে তিনি আর জীবিত ছিলেন না। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, মাহফুজ শান্ত স্বভাবের ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী গভীরভাবে মর্মাহত।
বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক ও সামাজিক চাপ থেকে সৃষ্ট মানসিক সংকট অনেক সময় তরুণদের চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের পারস্পরিক বোঝাপড়া ও মানসিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।