
মুন্সিগঞ্জ–২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ–২ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ-এর সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ই ফেব্রুয়ারি) দুপুর ৩টায় লৌহজং উপজেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। তিনি তার বক্তব্যে বলেন, লৌহজং উপজেলায় প্রবাসীর সংখ্যা তুলনামূলক বেশি হলেও শিক্ষাগত মান সে অনুযায়ী উন্নত নয়। তিনি উল্লেখ করেন, টঙ্গীবাড়ী উপজেলায় প্রবাসীদের জন্য বিদেশি ভাষা প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। লৌহজং উপজেলায়ও অনুরূপ একটি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা গেলে যুবসমাজ দক্ষতা অর্জনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে পারবে।
তিনি আরও বলেন, উপজেলায় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে খাল খননের উদ্যোগ নেওয়া জরুরি। বর্তমানে বহু খাল অবৈধ দখলে রয়েছে। বিশেষ করে কুকুটসার ইউনিয়নে একটি খালের ওপর মসজিদ নির্মাণের বিষয়টি তিনি উল্লেখ করেন। জনগণের সহযোগিতা পেলে পর্যায়ক্রমে খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া তিনি বলেন, উপজেলায় বেশ কিছু খাস জমি প্রভাবশালী মহল দখল করে রেখেছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। নলকূপের পানিতে অতিরিক্ত আয়রন ও লবণাক্ততার সমস্যার কথাও তিনি উল্লেখ করেন। পুরো উপজেলায় ফিল্টারভিত্তিক নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা চালু করা গেলে এ সমস্যা অনেকাংশে সমাধান সম্ভব—এ বিষয়ে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বাসিত সাত্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফাহমিদা লস্কর, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, সিনিয়র কৃষি কর্মকর্তা মোঃ হাসান উদ দৌলা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সী, মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় লৌহজং থানা-এর অফিসার ইনচার্জসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সমাপনী বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগণের কল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।