
বর্ণাঢ্য আয়োজনে মুন্সিগঞ্জ-বিক্রমপুর ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্টস এন্ড প্ল্যানার্স সোসাইটি’র ‘ইফতার ও দোয়া মাহফিল-২০২৬’ অনুষ্ঠিত
ইঞ্জি. মো. শাহিদুল হাসান শাওন
ঢাকার বনানীতে অবস্থিত বুয়েট গ্রাজুয়েশন ক্লাব প্রাঙ্গণে আজ এক প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জ-বিক্রমপুর ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্টস এন্ড প্ল্যানার্স সোসাইটি’র বহুল প্রত্যাশিত “ইফতার ও দোয়া মাহফিল-২০২৬”। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান পেশাজীবীদের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার অনুষ্ঠিত এ মাহফিলে সোসাইটির বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। আয়োজনে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদবৃন্দ, যারা পেশাগত ব্যস্ততার মাঝেও এ মিলনমেলায় একত্রিত হন। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের উজ্জ্বল উপস্থিতি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতসহ রমজানের বিভিন্ন তাৎপর্যপূর্ন আলোচনা করা হয়। পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তব্য পর্বে সোসাইটির নেতৃবৃন্দ সংগঠনের অতীত কার্যক্রম, বর্তমান উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বক্তারা বলেন, রমজানের এই পবিত্র সময় আত্মশুদ্ধি ও পারস্পরিক সম্পর্ক জোরদারের এক মহাসুযোগ; আর সে লক্ষ্যেই প্রতি বছরের ন্যায় এবারও এ আয়োজন করা হয়েছে।
ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। দোয়ায় জাতির অগ্রগতি, পেশাজীবীদের সততা ও নৈতিকতার চর্চা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল পেশাগত অভিজ্ঞতা বিনিময়, সৌহার্দ্যপূর্ণ আলাপ-আলোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতার প্রত্যয়। সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনটি এক সফল ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়।
সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজন শুধু ধর্মীয় অনুষঙ্গেই সীমাবদ্ধ নয়; বরং এটি সদস্যদের মধ্যে পেশাগত নেটওয়ার্ক শক্তিশালী করা এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার একটি কার্যকর প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নবাগত ৩ জন এমপি মহোদয়দেরকে সাথে নিয়ে মুন্সিগঞ্জ-বিক্রমপুর ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্টস এন্ড প্ল্যানার্স সোসাইটি বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা করেন এবং তা বাস্তবায়নে ধীর অংগিকার বদ্ধ হন।
সবমিলিয়ে, এবারের “ইফতার ও দোয়া মাহফিল-২০২৬” ছিল শৃঙ্খলাবদ্ধ, মর্যাদাপূর্ণ এবং অংশগ্রহণমূলক এক আয়োজন—যা উপস্থিত সদস্যদের মাঝে ইতিবাচক বার্তা ও নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।