মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কুমারভোগ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা আশফাকুর রহমান কল্লোল।
তিনি জানান, তার পিতা মরহুম সুবেদার মেজর ফজলুর রহমান। শিক্ষাজীবনে তিনি কাজীর পাগলা প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করেন। এরপর সরকারি শ্রীনগর কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে অধ্যয়ন করেন এবং সর্বশেষ আইডিয়াল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক জীবনের শুরু ছাত্রজীবন থেকেই। নিজ ওয়ার্ডে ছাত্রদলের নেতৃত্বের মাধ্যমে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। পরবর্তীতে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি থানা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশফাকুর রহমান কল্লোল বলেন, তিনি লৌহজং উপজেলার স্থায়ী বাসিন্দা এবং এ অঞ্চলের মানুষের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। এলাকার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অভিজ্ঞতা তার রয়েছে। রাজনৈতিকভাবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন বলেও জানান।
তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় লৌহজং উপজেলা উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়েছে। তার মতে, পদ্মা সেতু দৃশ্যমান উন্নয়নের প্রতীক হলেও এ অঞ্চলের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল হয়নি।
তিনি আরও বলেন, বিশেষ করে উপজেলার পশ্চিমাঞ্চলে নদীভাঙন একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। নদীর আগ্রাসন থেকে এলাকাবাসীকে রক্ষা করতে কার্যকর নদী শাসন অত্যন্ত জরুরি। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও এলাকার মৌলিক চাহিদা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
আশফাকুর রহমান কল্লোল জানান, নির্বাচিত হলে তিনি লৌহজং উপজেলার সার্বিক উন্নয়ন, নদীভাঙন রোধ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন।
সবশেষে তিনি লৌহজং উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।