
গজারিয়ায় পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪ শতাধিক রোগী।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদীস্থ হোসেন্দী বাজার শাখায় পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই ক্যাম্পে এলাকার ৪ শতাধিক অসহায় ও সাধারণ রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে একজন মেডিক্যাল অফিসার, দুইজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং একজন চক্ষু বিশেষজ্ঞ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা প্রদান করা হয়।
ক্যাম্পটি পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচীর আলীনগর এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পল্লী মঙ্গল কর্মসূচী নিয়মিতভাবে এমন উদ্যোগ গ্রহণ করে থাকে। অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না। তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য।
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা শিউলি বেগম বলেন, ফ্রি মেডিক্যাল ক্যাম্প হওয়ায় আমরা সহজেই ডাক্তার দেখাতে পেরেছি। গ্রামের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ খুবই উপকারী।
আরেক রোগী রোকসানা বেগম বলেন, “চোখের সমস্যার জন্য অনেকদিন ধরে ভুগছিলাম। এখানে এসে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ পেয়েছি। এমন ক্যাম্প নিয়মিত হলে এলাকার মানুষ উপকৃত হবে।
ক্যাম্পে দায়িত্ব পালনকারী একজন চিকিৎসক জানান, এখানে বিভিন্ন বয়সের রোগী এসেছে। অধিকাংশই সর্দি-কাশি, জ্বর, গ্যাস্ট্রিক ও চোখের সমস্যায় ভুগছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে এ ধরনের জনকল্যাণমূলক ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন অব্যাহত থাকবে।