কেউ রাজনৈতিক ব্যাক্তিত্ব,কেউ সরকারি চাকুরিজীবি, কেউ বা নানান পেশায়। ব্যাস্ততার সময় পেরিয়ে জীবনকে একটু অন্য রকম করে উপভোগ করতে মুন্সীগঞ্জের শ্রীনগরে উৎসবমুখর পরিবেশে শ্রীনগর পাইলট স্কুলের ৮৩/৮৪ ও সরকারি শ্রীনগর কলেজের ৮৫/৮৬ ব্যাচের যৌথ উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় উপজেলার ঐতিহ্যবাহী স্যার জে সি বোস কমপ্লেক্সে এই মিলনমেলা শুরু হয়। দীর্ঘ সময় পর সহপাঠীদের কাছে পেয়ে উৎসবে মাতেন প্রাক্তন শিক্ষার্থীরা।
দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্কুল ও কলেজ জীবনের অম্লমধুর স্মৃতিচারণ করেন। কর্মজীবনের ব্যস্ততা ভুলে পুরনো বন্ধুদের সাথে আনন্দ ও আড্ডায় মেতে ওঠেন সকলে। অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের পাশাপাশি ছিল প্রীতি আলাপন ও ভবিষ্যৎ সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা।
আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান, বন্ধুত্বের এই সুদৃঢ় বন্ধনকে অটুট রাখতে এবং একে অপরের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই এই পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। দীর্ঘ সময় পর একে অপরকে কাছে পেয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন।
অনুষ্ঠানে দুই ব্যাচের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দিনভর নানা অনুষ্ঠান শেষে একরাশ স্মৃতি নিয়ে বিকেলে মিলনমেলার সমাপ্তি ঘটে।