
মুন্সিগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট
আবু নাসের খান লিমন ।।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবৈধ বালু ভরাট কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযানে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন বিকল ও পাইপ বিনষ্ট করার পাশাপাশি তা অপসারণ করা হয়েছে।
২০ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাওদিয়া ইউনিয়নের পালগাঁও মৌজায় অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসের পেছনের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
লৌহজং উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উক্ত এলাকায় অবৈধভাবে বালু ভরাট কার্যক্রম চালানের বিষয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শনে যান লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফানুর রহমান। সেখানে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে বালু ভরাটের কাজে ব্যবহৃত পাইপ শুরু থেকে শেষ পর্যন্ত কেটে বিনষ্ট করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়। এছাড়া সরকারি রাস্তার ওপর অনুমতি ছাড়া বসানো যেসব পাইপ জনসাধারণের চলাচলে সমস্যার সৃষ্টি করছিলো তা সম্পূর্ণ অপসারণ করা হয়।
অভিযান শেষে অবৈধ বালু ভরাট কাজ স্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং স্থানীয় জনসাধারণকে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে শতর্ক করা হয়।
লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: এরফানুর রহমান জানান, সরকারি রাস্তা ও জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।