
শ্রীনগর প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারীরা জড়িত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে মীর সরফত আলী সপুর পূর্বনির্ধারিত আনন্দ মিছিল বের হওয়ার কথা ছিল। এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।
একপর্যায়ে শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত আহত হন।
পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সাব এডিট/ সাইদ হাসান আফরান