
মুন্সিগঞ্জে হারিয়ে যাওয়া চার শিশু উদ্ধার: পুলিশের মানবিক উদ্যোগে পরিবারে প্রত্যাবর্তন
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশের মানবিক ও দায়িত্বশীল তৎপরতায় হারিয়ে যাওয়া চার শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইস্টার্ন বাজার এলাকার বাসা থেকে চারজন শিশু পিতা-মাতার অজান্তে বের হয়। তারা হলো—রাব্বি (১০, পিতা আব্দুল করিম), জাহিদুল ইসলাম (১১, পিতা হানিফ) এবং জমজ দুই ভাই হাসান (১১) ও হোসাইন (১১), যাদের পিতার নাম রিয়াজুল ইসলাম। তাদের সবার বাড়ি ঢাকার কেরানীগঞ্জ স্ট্যান্ড বাজার এলাকায়।
শিশুরা তেঘরিয়া রেলস্টেশন থেকে ট্রেনের টিকিট কিনে মাওয়া রেলস্টেশনে নামে এবং সঙ্গে থাকা ২০০ টাকা নিয়ে মাওয়া ঘাট ঘুরতে যায়। টাকা শেষ হয়ে গেলে বাড়ি ফিরতে না পেরে তারা বিপাকে পড়ে এবং সন্ধ্যা আনুমানিক ৭টায় চন্দ্রের বাড়ি বাজার এলাকায় কান্নাকাটি শুরু করে।
খবর পেয়ে পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশ ঘটনাস্থল থেকে চার শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর দ্রুত তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয় এবং শিশুদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, সন্তানদের খুঁজে না পেয়ে তিন পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে দিশাহারা হয়ে পড়েছিলেন। পুলিশের তৎপরতায় নিরাপদে সন্তানদের ফিরে পাওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ ঘটনায় স্থানীয়রা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।