
স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ মুন্সিগঞ্জ-2 আসনে দাপুটে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এড. আব্দুস সালাম আজাদ। তিনি মোট ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট। ফলে বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে মুন্সিগঞ্জ-২ আসনে বিএনপির শক্ত অবস্থান আরও দৃঢ় করেন আব্দুস সালাম আজাদ।
বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতেই জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নূরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তিনি আব্দুস সালাম আজাদকে বিজয়ী ঘোষণা করেন। ফল ঘোষণার পরপরই বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখা যায়।
এ আসনে আরও কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী কে এম বিল্লাল পেয়েছেন ১৩ হাজার ৩৩৮ ভোট।
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী নোমান মিয়া পেয়েছেন ২ হাজার ৮৫৭ ভোট।
চেয়ার প্রতীকের প্রার্থী আশিক মাহমুদ পেয়েছেন ৬৫১ ভোট।
মুন্সিগঞ্জ-২ আসনের ১৩০টি ভোটকেন্দ্রে দিনভর সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোট দেন ভোটাররা। সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বড় ব্যবধানে এই জয়কে স্থানীয়রা দেখছেন জনগণের আস্থা ও সংগঠনের শক্ত ভিত্তির প্রতিফলন হিসেবে। মুন্সিগঞ্জ-২ আসনের এই ফলাফল জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে—ধানের শীষে আস্থা রেখেছেন ভোটাররা।