
গণভোট-২০২৬ বিষয়ে মতবিনিময় ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন
স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান বুধবার (২১ জানুয়ারি ২০২৬) পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী মুন্সিগঞ্জ জেলা সফর করেন।
বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে তিনি মুন্সিগঞ্জ জেলা শহরে পৌঁছে প্রথমেই জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি উত্তর ইসলামপুর কবরস্থানে শহিদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।
পরবর্তীতে মাননীয় উপদেষ্টা মুন্সিগঞ্জ জেলা সার্কিট হাউজে পৌঁছালে মুন্সিগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট-২০২৬ বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মুন্সিগঞ্জ জেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপদেষ্টা জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভা শেষে তিনি মুন্সিগঞ্জ পৌরসভা মোড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সফরের শেষ পর্যায়ে মাননীয় উপদেষ্টা ডিপিএইচই কর্তৃক বাস্তবায়নাধীন পানি সরবরাহ প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জে নির্মিত ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার এবং কাটাখালির ঋষিবাড়িতে স্থাপিত কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট পরিদর্শন করেন। এসময় তিনি প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উক্ত সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম,সহ মুন্সিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।