
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ আহত ৫
স্টাফ রিপোর্টার ।।
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স উল্টে গেছে। এতে ১০ মাস বয়সী এক শিশুরোগীসহ পাঁচজন আহত হয়েছেন। পরে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে আহতদের উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ছ ৭৫-০৫২২ নম্বরের অ্যাম্বুলেন্সটি ঢাকা শিশু হাসপাতাল থেকে একজন রোগী নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল। হাসাড়া এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি সড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।
আহতরা হলেন—১০ মাস বয়সী রোগী মানহা, জ্যোতি (২৮), লাকি আক্তার (৪৫), অ্যাম্বুলেন্সচালক হিরা (৪০) ও মশিউর রহমান (৪৫)। তাদের মধ্যে জ্যোতি ও লাকি আক্তারের বাড়ি খুলনায় এবং চালক হিরা ও মশিউর রহমান বাগেরহাটের বাসিন্দা।
দুর্ঘটনার পর আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।