
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে ৬১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার হওয়া দু’জন আপন বোন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কুমারভোগ ইউনিয়নের ঈদগাহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কুমারভোগ ঈদগাহ এলাকার মো. মতিউর রহমান ওরফে মতি মাতবরের কন্যা ইতি আক্তার (২৫) ও কাকলী আক্তার (৩৬)।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. মহিদুল ইসলামের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদসহ একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কুমারভোগ ঈদগাহ এলাকায় অবস্থান নেয়।
এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে ইতি ও কাকলীকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে তিনটি নীল রঙের জিপার প্যাকেটে রাখা মোট ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে এসব মাদক জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।