
গজারিয়া প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গজারিয়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম আওলাদ হোসেন। তিনি আবদুল বারেকের ছেলে। তার বাড়ি গজারিয়া উপজেলার দাষকান্দী গ্রামের বালুয়াকান্দী এলাকায়।
অভিযানকালে তার কাছ থেকে ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
আর্মি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আর্মি কর্তৃপক্ষ।