
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বৌলতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাফায়াতুল রহমান তুষার (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত তুষার উপজেলার দক্ষিণ চারীগাও (দর্জিবাড়ি) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে লৌহজং থানার এসআই লোকমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে দক্ষিণ চারীগও দর্জিবাড়ি এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, লৌহজং থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি (জিডি) নং–১২৭৮, তারিখ ৩১/০১/২০২৬ ইং অনুযায়ী তার বিরুদ্ধে ফৌজদারি ধারায় একটি মামলা রয়েছে।
এ বিষয়ে লৌহজং থানা সূত্রে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত মোঃ সাফায়াতুল রহমান তুষারের বিরুদ্ধে শ্রীনগর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলাও রয়েছে।
প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।