
সাইদ হাসান আফরান
মুন্সিগঞ্জের গজারিয়ায় চব্বিশের গণঅভ্যুত্থানের বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা বারোটায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে বিজয় র্যালিটি শুরু হয়ে গজারিয়া উপজেলা পরিষদ চত্বর পদক্ষিণ করে মাথাভাঙ্গা এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিজয় র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মুজিবুর রহমান। উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক উল্লাহ ফরিদ, সদস্য সচিব আব্দুর রহমান শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইদ্রিস মিয়াজী মোহন, আহ্বায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ, বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক ওহিদ উজ-জামান, গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, “দেশের মানুষ ফ্যাসিবাদী সরকারের পতন চেয়েছিল, চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। এখন আমাদের দায়িত্ব গণতান্ত্রিক শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা।আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ত্যাগ, রক্ত আর আন্দোলনের মধ্য দিয়ে বিজয় এসেছে। আজ সেই ঐতিহাসিক দিনের বর্ষপূর্তি পালন করছি।”
তারা আরও বলেন, “এই বিজয় একদিনে আসেনি। বিএনপি’র দীর্ঘ ১৭ বছরের আন্দোলন, গ্রেফতার, নির্যাতনের মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রের সূর্যকে পুনরায় ফিরে এনেছে। এখন আমাদের দায়িত্ব এই বিজয়কে রক্ষা করা এবং একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।”