
বিশেষ প্রতিনিধি
বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা বর্ণ রাজু। নিয়মিত টেলিভিশন নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। ব্যস্ত নাটকের শিডিউলের মাঝেই এবার ভক্তদের জন্য ভিন্নধর্মী এক চমক নিয়ে আসছেন এই অভিনেতা। নাটক নয়, বর্ণ রাজুকে এবার দেখা যাবে নতুন একটি মিউজিক ভিডিওতে।
‘নয় ছয়’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও ঠঃা গঁংরপ-এর ব্যানারে প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর করেছেন জনপ্রিয় শিল্পী হানিফ মিয়াজী, যিনি নিজ কণ্ঠে গানটিকে প্রাণবন্ত করে তুলেছেন।
মিউজিক ভিডিওটিতে বর্ণ রাজুর সঙ্গে অভিনয় করেছেন আলিশা জান্নাত ও ফকরুল ইসলাম। ভিডিওটির নির্মাণে রয়েছে দক্ষ টিমের সমন্বয়। পরিচালনায় আছেন অপি আশরাফ, সংগীত আয়োজন করেছেন এনিম খান, সম্পাদনা ও কালার করেছেন ফরহাদ হোসেন। প্রযোজনায় রয়েছে ভিক্টরি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড।
নতুন কাজ প্রসঙ্গে বর্ণ রাজু বলেন, “নাটকের কাজ তো নিয়মিতই চলছে। তবে এই মিউজিক ভিডিওটির গল্প ও প্রেজেন্টেশন আমার কাছে বেশ ভালো লেগেছে। হানিফ মিয়াজী ভাইয়ের কণ্ঠ এবং অপি আশরাফের নির্মাণ—সব মিলিয়ে দর্শক ভালো কিছু পাবে বলে বিশ্বাস করি। এর আগেও এ সিরিজের ব্যানারে শিমুল হাসান বাউলের একটি মিউজিক ভিডিওতে কাজ করেছি। মোট দুটি মিউজিক ভিডিওই দর্শকদের ভালো লেগেছে। ঈদ উপলক্ষে বেশ কিছু সিঙ্গেল নাটক ও বিজ্ঞাপনের কাজও করছি, তাই ব্যস্ততা একটু বেশি।”
গান, নির্মাণ ও অভিনয়ের সমন্বয়ে ভিন্নধর্মী এই কাজটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নাটকের বাইরে মিউজিক ভিডিওতে বর্ণ রাজুর এই উপস্থিতি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।