মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ আর নেই
মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ (৭০) মৃত্যুবরণ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।
পারিবারিক তথ্য সূত্রে জানা যায়, সুকুমার রঞ্জন ঘোষ দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। তিনি ধানমন্ডির বাসায় থাকতেন। গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, সুকুমার রঞ্জন ঘোষ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের( বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ২৮ মার্চ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা সদরে তার প্রতিষ্ঠিত ঝুমুর সিনেমা হলের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য দেয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই তিনি অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার কারণে পরিবার থেকেও তাকে আর রাজনীতিতে আসতে দেয়া হয়নি। ফলে তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন।
উল্লেখ্য, সুকুমার রঞ্জন ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী (কুলা প্রতীক) ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনকে (ধানের শীষ) পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি চলচ্চিত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। নিজস্ব সিনেমা হল ছাড়াও তার ‘ফিল্ম হাউজ’ নামে একটি প্রতিষ্ঠান ছিল। এছাড়া তার মালিকানাধীন ওষুধ কোম্পানিও রয়েছে।