মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার বাগেরহাট খালে বাঁশের তৈরি বানা বসিয়ে পুরো খালের প্রবাহ বন্ধ করে মাছ ধরার ফাঁদ পাতা হয়েছে। এতে পদ্মা নদী থেকে খাল, বিল ও পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ প্রবেশে বড় ধরনের বাধা সৃষ্টি হচ্ছে।
শনিবার ২৭ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, উপজেলার কনকসার ইউনিয়নের ঐতিহ্যবাহী নাগেরহাট খালটি গত বছর খনন করা হয়। এই খাল দিয়ে পদ্মা নদীর পানি প্রবাহিত হয়ে আশপাশের গ্রাম, খাল ও বিল পূর্ণ হয়। তবে বর্তমানে খালের মুখে বাঁশের তৈরি বানা বসিয়ে জাল ফেলে মাছ ধরার ফাঁদ তৈরি করায় স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, খালে এভাবে বানা বসানোর কারণে পানি চলাচল বিঘ্নিত হচ্ছে। ফলে নদী থেকে স্বাভাবিকভাবে মাছের আগমন বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে মাছের প্রজনন ও প্রাকৃতিক বিস্তারে নেতিবাচক প্রভাব ফেলবে।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, “খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে এভাবে মাছ ধরার ফাঁদ বসানো আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”