সাইদ হাসান আফরান
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে পৃথক দুটি অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ হাজার কেজি জাটকা মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন গজারিয়ার সদস্যরা মুন্সিগঞ্জের ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে প্রায় ১ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা। ট্রাক চালক ও হেলপারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
অপরদিকে, একই দিন ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি বাস ও দুটি ট্রাক তল্লাশি করে প্রায় ২ হাজার কেজি জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। এখানেও সংশ্লিষ্ট চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে, জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা এবং অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”