
গজারিয়ায় অবৈধ চুনা কারখানায় তিতাসের উচ্ছেদ অভিযান
মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত চুনা কারখানার বিরুদ্ধে তিতাস কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সেভেটর দিয়ে চুনা কারখানাটি ধ্বংস করে দেন ।
বুধবার উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় দিনভর এই অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেট হিসেবে দায়িত্বে পালন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়। অভিযান বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, অবৈধ চুনা কারখানার মালিক ও জমির মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
এ দিকে তিতাস গ্যাস সোনারগাঁ অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান রয়েছে। আজকের অভিযানে আনারপুরা এলাকায় অবস্থিত অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে স্কেভেটর দিয়ে কারখানাটি গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং সবগুলো চুল্লি ধ্বংস করা হয়। এর আগেও একাধিক বার এই কারখানাটি গুঁড়িয়ে দেয়া হয়েছিলো। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিস টিম তিতাস কর্তৃপক্ষকে সার্বিক সাহায্য সহযোগিতা করেন ।