
মো. খায়রুল ইসলাম হৃদয়
স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফেরাতে বালুয়াকান্দি উত্তরপাড়া মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টটি গ্রুপভিত্তিক পয়েন্ট টেবিল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় তেতৈতলা শান্তি নগর একাদশ ও টেংগারচর ফুটবল ক্লাব। নির্ধারিত টানা ৯০ মিনিটের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে দুই দলই সমানতালে আক্রমণ ও রক্ষণে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে।
খেলার পুরো সময়জুড়ে দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করে। একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণ হলেও কোনো দলই প্রতিপক্ষকে পয়েন্ট পেছনে ফেলতে পারেনি ফলে গ্রুপভিত্তিক পয়েন্ট টেবিল অনুযায়ী ম্যাচটি ড্র হিসেবে শেষ হয় এবং উভয় দল সমান পয়েন্ট অর্জন করে।
ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য টেংগারচর ফুটবল ক্লাবের মো. জুবায়ের সিকদারকে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত করা হয়। তার দৃঢ় ডিফেন্স ও মাঠে নেতৃত্ব দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় স্থানীয় ক্রীড়ানুরাগী ও বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
আয়োজক কমিটি জানান, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য খেলা উপহার দেওয়া হবে।