
সাইদ হাসান আফরান
ফেসবুকে শর্টগানের ছবি পোস্ট করে আলোচনায় আসা গজারিয়ার আলোচিত ছাত্রলীগ নেতা সিফাত মোল্লাকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিফাত মোল্লা রসুলপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে। স্থানীয়ভাবে সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় ক্যাডার ও অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে অভিযোগ রয়েছে।
গত কয়েকদিন ধরে সিফাতের ফেসবুক প্রোফাইলে শর্টগানসহ তার একাধিক ছবি ছড়িয়ে পড়ে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি নজরে আসার পর পুলিশ তার ওপর নজরদারি বাড়ায় এবং অবশেষে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “বেশ কিছু দিন ধরে গজারিয়ায় মাদক ও অস্ত্র ব্যবসার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। এর অংশ হিসেবে সিফাত মোল্লাকে আটক করা হয়। সে ২০২১ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়াও তার বিরুদ্ধে গজারিয়া থানায় একাধিক মামলা রয়েছে।” তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র প্রদর্শনের বিষয়টিও গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, সিফাত দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন অবৈধ কার্যকলাপে লিপ্ত ছিল। রাজনৈতিক পরিচয়ের আড়ালে সে এইসব কার্যক্রম চালিয়ে আসছিল।
পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযান চলমান থাকবে।