
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিনের কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানো ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে ধরে গজারিয়ায় সংবাদ সম্মেলন করেছেন প্রার্থীর অনুসারীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদ্য বহিষ্কৃত সাবেক সহ-সভাপতি মুহা. মুজিবুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, প্রচারণা শুরুর পর থেকেই স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন স্থানে হামলা, মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চলছে। পাশাপাশি ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হলেও বাস্তবে প্রতিপক্ষের আচরণ ভিন্ন। এসব ঘটনার মাধ্যমে নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হুমায়ুন খান অভিযোগ করে বলেন, প্রচারণায় বের হলেই প্রতিপক্ষের লোকজন বাধা দেয় ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী সদস্য সচিব আব্দুর রহমান শফিক, বিএনপি নেতা মফিজুল ইসলাম রনি, মকবুল আহমেদ রতন, গিয়াসউদ্দিন মেম্বার, ইন্জিঃ সিরাজুল ইসলাম, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।