সাইদ হাসান আফরান
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর এলাকায় সোমবার (২৪ নভেম্বর) সকালে মেঘনা নদীপথে ডাকাতির উদ্দেশ্যে নৌযানে ঘোরাফেরা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা স্থলপথে পালানোর চেষ্টা করে। তারা ভাষারচর গ্রামে প্রবেশ করলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয়দের ধাওয়ায় ডাকাত দলের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় রবিন নামে এক ডাকাতকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয় গ্রামবাসী। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
আটক রবিন চাঁদপুর জেলার মতলব উপজেলার বেলতলী গ্রামের বাসিন্দা শহিদুল্লাহ ব্যাপারির ছেলে। স্থানীয়দের দাবি, তিনি কুখ্যাত ডাকাত জিতু রাঢ়ি গ্রুপের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে নদীপথ ও আশপাশের গ্রামে চুরি-ডাকাতির সঙ্গে জড়িত। ডাকাতির কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভয় ও অস্থিরতায় ভুগছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রবিনসহ কয়েকজন ডাকাত ভাষারচর এলাকায় বিভিন্ন ঘাট ও আশপাশের বসতি পর্যবেক্ষণ করছিল। তাদের গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা ধাওয়া করে। পালানোর সময় ডাকাত সদস্যরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলিও ছোড়ে বলে জানান তারা। তবে স্থানীয়দের সাহসী উদ্যোগে রবিনকে ধরে ফেলতে সক্ষম হন তারা। পরে পুলিশ এসে তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ডাকাত সদস্যকে হেফাজতে নিয়েছি। তার সঙ্গে থাকা দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রাখবে।”
স্থানীয়দের দাবি, ডাকাতি রোধে নদীপথে পুলিশের টহল আরও জোরদার করা এবং ডাকাত দলের পুরো চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।