
মো. খায়রুল ইসলাম হৃদয়:
একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সঞ্চালন লাইন ও টাওয়ার নির্মাণ প্রকল্পের প্রতিবাদে গজারিয়ার টেংগারচর ইউনিয়নে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
শুক্রবার (১৩ জুন) বিকাল ৫টায় ইউনিয়নের মধ্য ভাটেরচর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত গ্রামবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভাটেরচর দে.এ. মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন, ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোদাচ্ছের হক, এমএ মতিন, গোলাম মাওলা দেওয়ান, গোলাম মোস্তফা মুন্সী, জাকির হোসেন, চাঁন মিয়া, নুরুজ্জামান, খোকন প্রধান, হুমায়ুন প্রধান, লিটন প্রধান, সাইফুল ইসলাম, ইলিয়াস সরকার, রেজাউল করিম রিপন, আনোয়ার হোসেন, আফজাল হোসেন, সেলিম মিয়া, মুক্তার হোসেন, শরীফ হোসেন ও সোলায়মান প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, গ্রামবাসীর দীর্ঘদিনের বসতভিটা ও চাষযোগ্য জমির উপর দিয়ে বিদ্যুৎ লাইন ও টাওয়ার স্থাপন জনজীবনের জন্য হুমকি স্বরূপ। এতে কৃষির উপরও মারাত্মক প্রভাব পড়বে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন বিকল্প পথে সঞ্চালন লাইন স্থাপন করা হয়। অন্যথায় বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল।