
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মুন্সীগঞ্জ-২ আসন (লৌহজং–টংগীবাড়ি) জাতীয় পার্টির উদ্যোগে নির্বাচনী প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ই জানুয়ারি) বিকেলে উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের কাজিরপাগলা বাজার থেকে এই প্রচারণা কার্যক্রম শুরু হয়। এরপর জাতীয় পার্টির নেতাকর্মীরা এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী মো. নোমান মিয়া সাধারণ মানুষের কাছে ‘লাঙল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং লিফলেট বিতরণ করেন।
প্রচারণাকালে মো. নোমান মিয়া বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা পেলে তিনি লৌহজং ও টংগীবাড়ি উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে তিনি অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি জাতীয় পার্টির লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরে ভোটারদের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সভাপতি মো. শাহজামাল কালু, সাধারণ সম্পাদক মহিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, মেদিনীমন্ডল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রায়হান আহমেদ রাজা, ইব্রাহিম ঢালী, শেখ লাল মিয়া, ফারুখ খানসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের অংশগ্রহণে প্রচারণা কর্মসূচিটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।