
আল আমিন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ভোর পর্যন্ত উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ৯৯ কম্পোজিট ব্রিগেডের সদর দপ্তরের অধীন গজারিয়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযানটি সম্পন্ন করে।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দৌলতপুর ঘাট সংলগ্ন কিশোর গ্যাংয়ের একাধিক গোপন আস্তানায় তল্লাশি চালানো হয়। অভিযানে সেখান থেকে ১৬টি দেশীয় ধারালো অস্ত্র, ৫টি লোহার রড এবং ৩০টি চকলেট বোমা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব অস্ত্র দিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে দৌলতপুর ঘাট এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
সেনাবাহিনীর প্রাথমিক তথ্যে জানা যায়, এই কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছে সাব্বির, শাকিল ও মিহাদ নামের তিন যুবক। তাদের নির্দেশেই ঘাটকেন্দ্রিক চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কার্যক্রম পরিচালিত হতো।
গজারিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে অপরাধ দমনে এই অভিযান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, মুন্সিগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাস, নাশকতা ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সন্দেহজনক কোনো কার্যকলাপ বা অপরাধসংক্রান্ত তথ্য নিকটবর্তী সেনা ক্যাম্পে জানিয়ে দেশ ও সমাজকে নিরাপদ রাখতে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে সেনাবাহিনী।