
মো.খায়রুল ইসলাম হৃদয়:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকায় নবগঠিত পুলিশ ক্যাম্পে হামলার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলেও তা সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঘটনায় ব্যবহৃত অস্ত্র থানার লুট হওয়া নয় বলেও স্পষ্ট করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে গজারিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরা বিশেষ অভিযানে অংশ নেন। এ সময় গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর এলাকায় নবগঠিত পুলিশ ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে অবস্থানকালে চাঁদপুর জেলার বেলতলী বাজার লঞ্চঘাটের কাছে থাকা চার-পাঁচটি স্পিডি ট্রলার পুলিশকে দেখে পালিয়ে যায়।
পরে ওই ঘাট থেকে স্থানীয় আধিপত্য বিস্তারকারী এক ডাকাত গ্রুপের ৫০–৬০ জন সশস্ত্র সদস্য পুলিশের স্পিডবোট লক্ষ্য করে প্রথমে ককটেল নিক্ষেপ করে এবং পরে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ জানায়, ঘটনাটিকে ভুলভাবে ‘পুলিশ ক্যাম্পে হামলা’ হিসেবে কিছু গণমাধ্যমে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে ক্যাম্পে হামলার কোনো ঘটনা ঘটেনি। এছাড়া ঘটনাস্থলে থানার লুট হওয়া কোনো অস্ত্র ব্যবহারের প্রমাণও পাওয়া যায়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনায় কেউ হতাহত হয়নি। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।