
শফিকুল ইসলাম
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বৈদ্যুতিক তার চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন—লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদের ছেলে সাগর (৩০) এবং একই উপজেলার পেন্টু মান্তার ছেলে ছানারুল (২৪)। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাত আনুমানিক ৩ টা থেকে ৬ টার মধ্যে সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির চেষ্টা করছিলেন সাগর ও ছানারুল। এসময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের হাতেনাতে আটক করে। উত্তেজিত জনতা তাদের উভয়কে গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হন। সকালে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পুলিশকে খবর দেয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লৌহজং থানাসহ জেলা পুলিশের একাধিক টিম দ্রুততার সাথে ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিকভাবে পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—সাতঘড়িয়া গ্রামের ফেরদৌস মাতবর (৩৬), মোঃ শামীম আহম্মেদ (২৬), নাইম (২০), আটিগাও গ্রামের শাওন (২৮) এবং পশ্চিম নাগের হাটের আঃ আউয়াল শেখ (২৬)।
মুন্সিগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে, এই হত্যাকাণ্ডের ঘটনায় লৌহজং থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনার সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।