
শেখ আসলাম
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জোর করে জমি দখলের প্রদিবাদে সংবাদ সম্মেলন করেছে দুবাই প্রবাসীর স্ত্রী। রবিবার বেলা ১১টায় শ্রীনগর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ছোট দুই কন্যা সন্তানকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রবাসীর স্ত্রী শরীফুল নাহার বেবী।
তিনি লিখিত বক্তব্যে বলেন, উপজেলার আলমপুর মৌজার আরএস ১৫৭০ খতিয়ানের ৬৪২ দাগের প্রায় সাড়ে ১৩ শতাংশ জমির ক্রয়সূত্রে তারা মালিক। এই জায়গা আলমপুর হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের জমিদাতা হোসেন আলীর পুত্র বদরুল আলমের দুই ছেলের কাছ থেকে ক্রয় করেছেন তারা। হোসেন আলীর ভাই হাসেন আলীর ওয়ারিশ হিসাবে জমির ক্রেতা-বিক্রেতা পরস্পর শরিক হওয়ায় জায়গাটি তারা ক্রয় করেন। বিদ্যালয়ের বর্তমান আহবায়ক কমিটির সভাপতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস রিতা। তিনি প্রভাব খাটিয়ে আমাদের জায়গা থেকে বেদখলের চেষ্টা শুরু করলে আমরা আদালতে মামলা দায়ের করি। মুন্সীগঞ্জ আদালতে মামলা নং ৫৯৪/২০২৫। আদালত এই মামলায় নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ম্যানেজিং কমিটি নিষেধাজ্ঞা না মেনে জোর করে জায়গা দখলের চেষ্টা অব্যাহত রেখেছে।
সংবাদ সম্মেলনে আলমপুর গ্রামের প্রবাসী নুরুজ্জামানের স্ত্রী শরীফুল নাহার বেবী দাবী করেন, পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিষেধ করলেও তাদের কথা আমলে নিচ্ছে না। উল্টো স্কুলের ছাত্রদের দিয়ে মব তৈরী করার হুমকি প্রদাণ করছে। এই বিষয়ে তিনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন।