
আল আমিন
গজারিয়ায় অগ্নিকাণ্ড বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে একটি বিশেষ সচেতনতামূলক অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টায় ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন বাউশিয়া সমিতি মার্কেট এলাকায় এ মহড়া আয়োজন করা হয়। গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. ফিরোজ আহমেদ-এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল কর্মসূচিতে অংশগ্রহণ করে।
মহড়ায় নিয়ন্ত্রিতভাবে আগুন জ্বালিয়ে তা দ্রুত ও নিরাপদে নিয়ন্ত্রণ ও নির্বাপণের বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় প্রাথমিক করণীয়, নিরাপদে নিজেকে ও অন্যদের রক্ষা করার উপায় এবং জরুরি মুহূর্তে কীভাবে দ্রুত ফায়ার সার্ভিসকে সহায়তা করলে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব—সে বিষয়ে উপস্থিত সাধারণ মানুষকে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা, আগুন লাগার সম্ভাব্য কারণ এবং তাৎক্ষণিক করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। মহড়াটি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অগ্নিকাণ্ড প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।