
মো. খায়রুল ইসলাম হৃদয়
গজারিয়ায় অটোরিকশা চালক মো. শাহজালাল (২৭) হত্যার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে ঘটনার নেপথ্য উন্মোচন, দুই আসামি গ্রেপ্তার এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারে নেতৃত্ব দেওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা গজারিয়া থানার সেকেন্ড অফিসার এসআই মো. রুবেল সিকদারকে পুরস্কৃত করেছেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর ২০২৫ দুপুরে গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের কাঞ্চন নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম মরদেহটি তার ছোট ভাই শাহজালালের বলে শনাক্ত করেন। এ ঘটনায় গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে এসআই মো. রুবেল সিকদারের নেতৃত্বে গজারিয়া থানা পুলিশের একটি দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৯ জানুয়ারি সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর এলাকা থেকে নিহতের বন্ধু ইব্রাহিম ওরফে সাগর (২৮) কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী একই দিন রাতে গজারিয়ার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে ফাহিম (২৪) নামের অপর এক আসামিকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে ফাহিম জানান, ছিনতাইকৃত অটোরিকশাটি তিনি ইব্রাহিমের কাছ থেকে কিনে তার বাবাকে ব্যবহার করতে দেন। পরে কুমিল্লার কোতোয়ালী থানাধীন দাউদেরখাড়া এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।
ক্লুলেস ও চাঞ্চল্যকর এই হত্যা মামলার রহস্য অল্প সময়ের মধ্যে উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসআই মো. রুবেল সিকদারের পেশাদারিত্ব ও বিচক্ষণতার প্রশংসা করেন গত ১২ জানুয়ারি সোমবার মাসিক কল্যাণ সভায়
জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম কার হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট সহ সার্টিফিকেট তুলে দেন।