
গজারিয়া প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড ইউটার্ন সংলগ্ন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে পড়ে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
গজারিয়া থানা হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী,সোমবার রাত সাড়ে ৭ টার দিকে ট্রাকটির একটি চাকা বাস্ট হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে পড়ে এবং পরে সড়কের ওপর উল্টে যায়। তবে এ ঘটনায় ট্রাকের ড্রাইভার ও চালকসহ সংশ্লিষ্ট সবাই সুস্থ রয়েছেন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক থেকে গ্যাস সিলিন্ডারগুলো সরিয়ে নেওয়ার কাজ চলমান রয়েছে।
এ বিষয়ে স্থানীয় দোকানদার শরীফ জানান, রাত ৭টা ২০ মিনিটের দিকে একটি বিকট শব্দ শুনতে পাই। পরে রাস্তায় গিয়ে দেখি গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক উল্টে পড়ে আছে। সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।