
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকাসক্ত ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক বাবা। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের দেওয়ানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাবা আবুল হোসেনকে (৭০) গ্রেপ্তার করে এবং নিহত আহাদের (২৮) লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আহাদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। টাকার জন্য প্রায়ই বাবার উপর অত্যাচার করতেন তিনি। অতিষ্ঠ হয়ে বাবা আবুল হোসেন কয়েক বছর আগে ছেলেকে নারায়ণগঞ্জের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করলেও, পরে বাড়ি ফিরে আবারও পুরনো অভ্যাসে জড়িয়ে পড়েন।
ঘটনার দিন সকালে আহাদ বাবার কাছে ১৫ হাজার টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি বাবাকে চাকু দিয়ে আঘাত করার চেষ্টা করলে, আবুল হোসেন চাকুটি কেড়ে নিয়ে আত্মরক্ষার জন্য আহাদের বুকে ও পেটে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আহাদ মারা যান। পরে বাবা মৃত ছেলের লাশের পাশে বসে ছিলেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সুমন খান জানান, আবুল হোসেন এলাকায় নিরিহ মানুষ হিসেবেই পরিচিত। তবে ছেলের কারণে তিনি সর্বদা বিপাকে পড়তেন। প্রতিবেশীরা একাধিকবার আহাদকে মাদক থেকে ফেরানোর চেষ্টা করলেও সফল হয়নি।
আবুল হোসেনের চার মেয়ে—জাহানারা বেগম, শাহিনুর আক্তার, সীমা ও সুমা—পুলিশের কাছে উপস্থিত হয়ে বলেন, তাদের ভাই আহাদের কারণে বাবা দীর্ঘদিন মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করেছেন। তারা বাবার প্রতি সহমর্মিতা প্রকাশ করে জানান, বৃদ্ধ বাবার যেন আর কোনো কষ্ট না হয়, সেটাই তারা চান।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত আহাদের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।