
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া (বেটিং) খেলার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে সিরাজদিখান থানাধীন নিমতলা ফিলিং স্টেশনের বিপরীতে আন্ডারপাসের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের বড়াম গ্রামের মুক্তার হোসেনের ছেলে মোঃ ফাহিম (২৩) এবং একই এলাকার রঞ্জিত বর্মনের ছেলে শিমুল বর্মন (২১)।
পুলিশ জানায়, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মোঃ শাহ আলী ও সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
অভিযানকালে প্রকাশ্যে অনলাইন জুয়া (বেটিং) খেলার অভিযোগে ফাহিম ও শিমুলকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বিধি অনুযায়ী নিয়মিত মামলা করা হয়েছে।
সাব-এডিট/সাইদ হাসান আফরান