
সিরাজদিখানে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান: ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ড্রেজার বিকল
সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে। বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ তারিখে সকাল ১১:৩০ ঘটিকা থেকে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত রসুনিয়া ও ইছাপুরা ইউনিয়নের চোরমর্দ্দন ও রাজদিয়া এলাকার তিনটি স্পটে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় একটি ড্রেজার বিকল করে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়। এছাড়াও, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা এবং অননুমোদিত ভরাটের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।