
সিরাজদিখানে অবৈধ ড্রেজিংয়ে মোবাইল কোর্টের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১০ আগস্ট) দুপুর ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত রশুনিয়া, কোলা ও ইছাপুরা ইউনিয়নের কাঠপট্টি বাজার, ছাতিয়ানতলী, কোলা ভিলেজ পার্ক, রাজদিয়া ও নোয়াব্দা ব্রিজ এলাকায় মোট ৭টি স্পটে এই অভিযান পরিচালিত হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়। এ সময় রুহুল আমিন (৬৫), মির্জা জাহিদ হাসান (৪৭) ও ফারুক (৫২) নামের তিনজনকে আইনটির ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া উপস্থিত সবাইকে অবৈধভাবে ড্রেজিং ও অননুমোদিত শ্রেণি পরিবর্তন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা ও অননুমোদিত ভরাটের মাধ্যমে শ্রেণি পরিবর্তন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।