
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজদিখান উপজেলায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কর্মক্ষমতা-ভিত্তিক অনুদান প্রকল্পের আওতায় ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।গতকাল বুধবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে আয়োজিত হয় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. রসময় কীর্ত্তনীয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভবানিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম মালেক, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিঞা এবং সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহিনা আক্তার বলেন, “এই প্রকল্প শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করছে। যারা নিয়মিত ও মনোযোগী, তাদের স্বীকৃতি দেওয়া হলে পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়ে।”
তিনি আরও বলেন, “শুধু ভালো ফল করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। বিদ্যালয়, পরিবার ও সমাজ সম্মিলিতভাবে কাজ করলেই একটি আলোকিত জাতি গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৪ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৯ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।