
সিরাজদিখান প্রতিনিধি
সিরাজদিখান উপজেলা-র কেয়াইন ইউনিয়নের কুচিয়ামাড়া ব্রিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মাটির উপরিস্তর কর্তনের অভিযোগে চারজনকে আটক করে দণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত অবৈধভাবে মাটির উপরিস্তর কেটে তা পরিবহন করা হচ্ছে। এ সময় হাতেনাতে ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— জলিল (৪৫), শাহীন (৩০), সাদ্দাম (৩৭) এবং কোরবান আলী (৩৮)। তাদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী প্রত্যেককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি বলেন, অননুমোদিত মাটি কর্তন ও পরিবেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।