
মো. শফিকুল ইসলাম ভূঞা
পবিত্র রমজানের প্রথম দিনে মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
বুধবার (১৯.০২.২০২৬ খ্রি.) সন্ধ্যায় পুলিশ লাইন্স, মুন্সিগঞ্জে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত হয়ে তিনি সহকর্মীদের সঙ্গে ইফতার করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন। ইফতার মাহফিলে পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কামনায় দোয়া পরিচালনা করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, পবিত্র রমজান সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। দায়িত্ব পালনকালে পেশাদারিত্বের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, পবিত্র রমজানের শুরু থেকেই পুলিশ সুপারের উদ্যোগে পুলিশ লাইন্স মেসে নতুন খাবারের মেন্যু প্রণয়ন করে মানসম্মত ইফতার ও সেহেরির ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিদিন বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে ইফতার ব্যবস্থাপনা তদারকি করবেন এবং অফিসার-ফোর্সের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন।
ইফতার মাহফিলে মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।