
আরিফ হোসেন হারিস :
গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিরাজদিখান, মুন্সীগঞ্জের মাধ্যমে দরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত লতব্দী ইউনিয়নের ৫০টি ইম্প্রভড (টুইন পিট) ল্যাট্রিন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় লতব্দী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন লতব্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান খোকন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়া স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং জোরপূর্বক স্বাক্ষর করতে বাধ্য করেন। তার অভিযোগ, দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ৫০টি ইম্প্রভড (টুইন পিট) ল্যাট্রিন প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে ছিনিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। এখন জনগণের কাছে আমরা কী জবাব দেব?”
তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিরাজদিখান উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।